রাজনীতিতে নারীর ক্ষমতায়ন বাড়াতে আগামী নির্বাচনে নারীদের জন্য দলীয় মনোনয়ন বাড়ানো ও সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর জন্য নারীদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু করা উচিত। আজ রোববার ‘নারী প্রার্থীদের জন্য জনতহবিল গঠন বিষয়ে নীতিনির্ধারণী সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। তাঁরা নারীদের বাদ দিয়ে নারীর বিষয়ে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার সমালোচনাও করেছেন।
রাজধানীর ফার্মগেটে ‘কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’–এর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সংলাপে জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য ‘নির্বাচনী প্রচারণা ব্যয় (নারী প্রার্থী) অধ্যাদেশ, ২০২৫’ শিরোনামে অধ্যাদেশের খসড়া তুলে ধরা হয়। এ অনুসারে নির্বাচনে যোগ্য নারী প্রার্থীকে এগিয়ে নিতে জনতহবিল গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন বক্তারা।